নোয়াখালীতে বাস চাপায় তিনজন নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জনদপুর পোলের গোড়া এলাকায় সোনাইমুড়ী-চাটখিল সড়কে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত তিন ব্যক্তি হলেন: সোনাইমুড়ীর জয়াগ গ্রামের ‘জয়াগ ব্রিকফিল্ডের’ মালিক মিজানুর রহমান (৫০), নদনা গ্রামের মো. সুমন (৩৮) এবং পাঁচগাঁও গ্রামের বাংলাবাজার এলাকার মো. এমরান (৩২)। তবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। নিহত সুমন ও এমরান স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা সোনাইমুড়ী-চাটখিল সড়ক অবরোধ করেন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়টিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে লোকজন জানিয়েছেন।