নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে চাপা দিয়ে বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশাকে। এতে ওই শিশু নিহত এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রী ও চালকসহ পাঁচজন আহত হন। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কের সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. রাশেদ (১২) পূর্ব চাঁদপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। সে ওই সড়কের পাশ দিয়ে হেঁটে বাজার থেকে বাড়ি যাচ্ছিল। দুর্ঘটনার আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা নোয়াখালী-কুমিল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দুই দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এত ভোগান্তির শিকার হন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইমুড়ী থানা-পুলিশ এসে সড়কের অবরোধ তুলে নিতে লোকজনকে অনুরোধ করেন। কিন্তু অবরোধকারীরা অনড় থাকেন। পরে নোয়াখালী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পাঁচটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।