নোয়াখালীতে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ করেছেন গ্রাহকেরা। এতে প্রায় এক ঘণ্টা চাটখিল-রামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে দশঘরিয়া এলাকার কয়েক শ বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা চাটখিল-রামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় তীব্র গরমে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বেলা একটার দিকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা এবং চাটখিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলে গ্রাহকেরা অবরোধ তুলে নেন।
গ্রাহকদের অভিযোগ, গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাটখিলে লোডশেডিংও বেড়ে যায়। এরই মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ লাইনের তার পরিবর্তনের জন্য ১৮ মে থেকে ৬ জুন পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করা হয়।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত বলেন, যখন বিদ্যুৎ লাইন চালু করা হয়, তখন চাহিদার তুলনায় লোড ১৫০ শতাংশ বেড়ে যায়। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়। আগামী ১৫ জুনের পর এ সমস্যা আর থাকবে না।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, গ্রাহকেরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেয়ে রাস্তায় নেমে আসেন। তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।