নোয়াখালীতে বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হওয়া বিদ্যুৎ সরবরাহ আবার চালু করতে দেরি হওয়ায় নোয়াখালী শহরের পাঁচ রাস্তার মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) অভিযোগ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে কিছু ক্ষুব্ধ গ্রাহক। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়।
অভিযোগ কেন্দ্রের লাইনম্যান দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে তাঁরা খবর পান শহরের সাতানিবাড়ি এলাকার একটি বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে তাঁরা বিদ্যুৎ সরবরাহ চালু করতেই বিকট শব্দে সেখানকার ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এরপর কয়েক দফা চেষ্টা করেও বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। একপর্যায়ে তাঁরা সেখান থেকে অভিযোগ কেন্দ্রে চলে আসেন। পরে রাত পৌনে ১২টার দিকে শতাধিক ব্যক্তি এসে অভিযোগ কেন্দ্রে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা কেন্দ্রের চেয়ার-টেবিল, টেলিফোন সেট, জানালার কাচ ভাঙচুর করে এবং নৈশপ্রহরী লোকমান হোসেন এবং লাইনম্যান বেলায়েত হোসেন ও মো. শাহজাহানকে শারীরিকভাবে নাজেহাল করে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, গতকাল রোববার দুপুরে বিকল ট্রান্সফরমারটি পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এরপর ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।