নোয়াখালীতে বিভাগীয় গোল্ডকাপ ফুটবল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ছাতানৃত্য, বাঁশনৃত্য এবং গ্রামীণ লাঠি খেলার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীর কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৪ শুরু হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরে মুনির ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালীর ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করেন সুবর্ণচর উপজেলার লাঠি খেলোয়াড়েরা। এ ছাড়া বান্দরবান জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের ছাতানৃত্য, বম নৃগোষ্ঠীর বাঁশনৃত্য দর্শকদের নজর কাড়ে। এ ছাড়া নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাণী সাহা ও স্বজল মজুমদারের নেতৃত্বে নৃত্য ও গান পরিবেশন করেন। টুর্নামেন্টের থিম সং ‘গোল গোল’ পরিবেশন করেন নোয়াখালীর উদীয়মান শিল্পী ফাতেমাতুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ছাড়াও নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মু আলমগীর বক্তব্য দেন। এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
গতকাল উদ্বোধনী খেলায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় জুলিয়ান একমাত্র গোল করেন। ১৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ক্রীড়া সংস্থার ফুটবল দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলসহ ১২টি দল অংশগ্রহণ করবে। প্রথম পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। আগামী ১১ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
প্রতিটি ম্যাচ নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার দর্শকেরা কেব্ল অপারেটর মাইজদী ভিশনে (এমভি) সরাসরি দেখতে পারছেন।