নোয়াখালীতে বিশেষ অভিযানে ৫২ জন গ্রেপ্তার
সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের ধরতে নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ প্রশাসন। অভিযানের তৃতীয় দিনে গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, এ নিয়ে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৯৭। সর্বশেষ শুক্রবার রাতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর মামলায় ২৬ জনকে, সিআর মামলায় ১৮ জনকে এবং অন্যান্য মামলায় আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের গতকাল শনিবার নিজ নিজ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানতে চাইলে বিশেষ অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ। প্রথম আলোকে তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় যৌথ অভিযান চলার কারণে সীমান্তবর্তী নোয়াখালীর বিভিন্ন থানায় সমান্তরালভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে। যাতে করে লক্ষ্মীপুরের সন্ত্রাসীরা এই এলাকায় ঢুকে পড়তে না পারে।
এসপি আরও বলেন, অভিযানে এরই মধ্যে লক্ষ্মীপুর থেকে পালিয়ে এসে এই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখানকার চিহ্নিত দুই সন্ত্রাসীসহ বেশ কিছু অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ অভিযান আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।