নোয়াখালীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরামর্শ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শুক্রবার ‘নোয়াখালী উৎসব-২০১৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের এ পরামর্শ দেন তিনি। খবর বাসসের।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নামী শিল্পপতিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘যৌথ প্রয়াসের মাধ্যমে আপনারা নোয়াখালীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস সরকার এ বিষয়ে সহযোগিতা প্রদান করবে।’ তিনি বলেন, নিঝুম দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে নোয়াখালীকে একটি আকর্ষণীয় পর্যটন এলাকায় পরিণত করার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, মা যেমন তাঁর সন্তানদের কাছে প্রিয়, তেমনি একজন ব্যক্তির কাছে তাঁর জন্মস্থান অত্যন্ত মূল্যবান। তাই, প্রত্যেককে এসব স্থানের জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘সরকারের একার পক্ষে দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে।’ তিনি বলেন, ‘যে কাজ এককভাবে করা সম্ভব নয়, তা সবার চেষ্টায় যথাযথভাবে করা যেতে পারে। এ কারণে ঐক্যবদ্ধ প্রয়াসকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।’ এ সময় রাষ্ট্রপতি সামাজিক সংস্কার ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ভূমিকা পালন করতে পেশাজীবী ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সাংসদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা সমিতির সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক।