খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে মাছের খামার করার প্রতিবাদে গতকাল সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেছেন জেলার কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমীর প্রায় ১০০ ভূমিহীন ব্যক্তি।
অবস্থান কর্মসূচি চলাকালে ভূমিহীন আনোয়ারা বেগম, রাবেয়া বেগম, মো. লিটন, মামুনসহ বেশ কয়েকজন বলেন, মেঘনা নদীর শাখা জাল-ছেঁড়া নদীতে প্রায় ৩০ বছর আগে চরকলমী জেগে ওঠে। ১৯৯৯ সাল থেকে সেখানে বসতি স্থাপন শুরু হয়। ইতিমধ্যে কয়েক শ পরিবার বসতি গড়ে ওই চরে। তিন-চার বছর আগ থেকে ওই চরে চোখ পড়ে প্রভাবশালী ব্যক্তিদের। তাঁরা নামে-বেনামে বন্দোবস্তের কাগজ তৈরি করে ওই চরের জায়গা তাঁদের বলে দাবি করেন এবং ভূমিহীনদের উচ্ছেদে নানা অত্যাচার-নির্যাতন শুরু করেন।
ভূমিহীন ব্যক্তিরা বলেন, গত দুই বছরে এই চরের দুই শতাধিক পরিবারকে প্রভাবশালী ব্যক্তিরা উচ্ছেদ করে অর্ধশতাধিক মাছের খামার গড়ে তুলেছেন। গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে কোম্পানীগঞ্জের রামপুর এলাকার এক ব্যক্তি দলবল নিয়ে ভূমিহীনদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালান।
ভূমিহীনদের অভিযোগ, হামলা-ভাঙচুরের পরও উচ্ছেদ করতে না পেরে এখন আবারও হামলার হুমকি দেওয়া হচ্ছে।
প্রেসক্লাবের সামনে অবস্থানের আগে ভূমিহীন ব্যক্তিরা তাঁদের দখলে থাকা খাসজমির কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা প্রভাবশালী ব্যক্তিদের অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়ে এ বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রথম আলোকে বলেন, চরকলমীর কিছু ভূমিহীন পুরোনো কিছু কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে এসেছিলেন। তিনি তাঁদের নতুন করে কাগজ নিয়ে আসতে বলেছেন। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূমিহীনদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গত মাসে ভূমিহীনদের ওপর হামলার ঘটনায় একটি সালিসি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধ মীমাংসা হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, ভূমিহীনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।