নোয়াখালীতে মেডিকেল কলেজে হাসপাতাল নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে আবুদল মালেক উকিল মেডিকেল কলেজ ক্যাম্পাসে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে নোয়াখালীতে চার কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ‘নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু হওয়ার পর তা চৌরাস্তা থেকে উত্তরে মীর ওয়ারিশপুর এবং পূর্বে চৌমুহনী রেলগেট পর্যন্ত ছাড়িয়ে যায়।
এ সময় একই দাবিসংবলিত ব্যানার নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি, নোয়াখালী মোটরযান মালিক সমিতি, খেলাঘর জেলা কমিটি, বেগমগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, যুব কল্যাণ পরিষদ, চৌমুহনী প্রেসক্লাব, নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইসকন, ২০টির বেশি স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী, মেডিকেল কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও বিএমএ নেতারা মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, মুক্তিযোদ্ধা রফিক উল্যা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পষিদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, নোয়াখালী মোটরযান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল বাশার, সাংবাদিক আশরাফ সিদ্দিকী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালে দেশে নতুন পাঁচটি মেডিকেল কলেজের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুরে প্রায় ২৬ একর জায়গার ওপর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পাঁচ বছর পরও মেডিকেল কলেজের সঙ্গে অনুমোদিত ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল স্থাপনের উদ্যোগ না নেওয়া হলে ঈদের পরে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।