নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত বিপ্লবের বড় ভাই রহমত উল্লা বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানায় এ-সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বিপ্লবকে হত্যার ঘটনায় জড়িত ২২ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন প্রথম আলোকে বলেন, বাদীপক্ষ একটি অভিযোগ থানায় দিয়ে গেছে। তবে তা এখনো মামলা হিসেবে রুজু হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ওই হত্যার ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে গত শুক্রবার রাতে উপজেলার কুতুবপুর খামারবাড়ী এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপ্লবকে হত্যা করে। এ সময় তাঁকে বাঁচাতে এসে বড় ভাই হিরণও গুরুতর আহত হন। হিরণকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।