নোয়াখালীতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় নোয়াখালীর সদর উপজেলার সফিপুর গ্রামে রিকশাচালক শাহেদ আলী ও তাঁর স্ত্রী জোবেদা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. জিলানী (২৬) গত শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে এই স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জিলানীকে গ্রেপ্তার করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন।
পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে জিলানীকে নোয়াখালীর বিচারিক হাকিম সিরাজুল ইসলামের আদালতে হাজির করা হয়। সন্ধ্যার পর তাঁর জবানবন্দি রেকর্ড শেষ হয়। পরে আদালতের নির্দেশে জিলানীকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক নিজাম উদ্দিনের ভাষ্যমতে, রিকশাচালক শাহেদ আলীর মেয়ে সাজেদা আক্তারের সঙ্গে মুঠোফোনে জিলানীর পরিচয় হয়। যার সূত্র ধরে জিলানী বিভিন্ন সময় শাহেদ আলীর বাড়িতে আসেন ও একপর্যায়ে সাজেদাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু শাহেদ আলী বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এবং সম্প্রতি মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জিলানী অ্যাসিড নিক্ষেপ করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামে শাহেদ আলী ও তাঁর স্ত্রী জোবেদা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়।