নোয়াখালীতে যুবলীগ কর্মী খুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে যুবলীগের এক কর্মীকে খুন করা হয়েছে৷
নিহত জাহিদুল ইসলাম ওরফে রায়হান (২৭) বেগমগঞ্জের মহিবউল্লাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে৷
বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোছলে উদ্দিন ওরফে সেলিম জানান, সোমবার রাত আটটার পর অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি জাহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ নয়টার দিকে এলাকার একটি পুকুরপাড়ে তাঁর চিৎকার শোনেন স্থানীয় লোকজন৷ কয়েকজন টর্চলাইট নিয়ে এগিয়ে গেলে সেখান থেকে কয়েকজন দুর্বৃত্ত হুমকি দিয়ে তাঁদের তাড়িয়ে দেয়৷ ঘণ্টা খানেক পর লোকজন পুকুরপাড়ে গিয়ে জাহিদুলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন৷ পরে বিষয়টি বেগমগঞ্জ থানার পুলিশকে জানান তাঁরা৷
মোছলে উদ্দিন আরও বলেন, জাহিদুল পেশায় অটোরিকশার চালক এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন৷ মাত্র দুই সপ্তাহ আগে তিনি বিয়ে করেন৷
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন বলেন, রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে৷ লাশের গলার নিচে ও হাতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখা গেছে৷ গতকাল সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
এসআই রবিউল আরও বলেন, জাহিদুলকে হত্যার কারণ বা কারা তাঁকে হত্যা করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি৷ তাঁর মা বাদী হয়ে একই এলাকার চার যুবকের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন৷ গতকাল সকালে সহকারী পুলিশ সুপার
(বেগমগঞ্জ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন৷
স্থানীয় কয়েকজন বলেন, গোপালপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে জাহিদুল চলাফেরা করতেন৷ অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁদের ধারণা৷