নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবলীগের নেতা আরিফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতে হত্যা মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী তাছলিমা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে ওই মামলা করেন। এর মধ্যে গত রোববার রাতে পুলিশের হাতে আটক ফিরোজ আলমের নামও এজাহারে উল্লেখ করা হয়।
মামলার কথা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ফিরোজ আলমকে এজাহারভুক্ত আসামি এবং মো. তৌহিদ ওরফে বোমা তৌহিদ (৪০), মো. বাবলু ওরফে চিতা বাবুলকে (২৬) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার করা তিন আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনই সোনাপুর ইউনিয়ন বিএনপির কর্মী। সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম বলেন, ‘আরিফ হত্যার ঘটনার সঙ্গে বিএনপির কেউই জড়িত নয়। সাংগঠনিকভাবে বিএনপিকে দুর্বল করার জন্য পুলিশ আওয়ামী লীগের কথামতো বিএনপির কর্মীদের গ্রেপ্তার করছে।’
গত শনিবার দিবাগত রাতে সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া এলাকায় যুবলীগের নেতা আরিফ হোসেনকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।