নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ গত সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হন৷ তাঁদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: যুবলীগের কর্মী আবদুল মজিদ (২৮) ও মো. সুজন (২৬) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল গোফরান (৩২)।
অটোরিকশার চালক গোফরানকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেতুয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের স্থানীয় কর্মী হাসান মাহমুদ ও আবদুল মজিদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলে আসছে৷ এর জের ধরে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়৷ একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। গোলাগুলি চলাকালে বাজারে অটোরিকশার চালক আবদুল গোফরান গুলিবিদ্ধ হন। এ সময় যুবলীগের কর্মী মজিদ ও সুজন গুলিবিদ্ধসহ আরও চারজন আহত হন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ বাজার থেকে পালিয়ে যায়।
যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়নি।