নোয়াখালীতে শিশুর লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামে নির্মাণাধীন শৌচাগার থেকে তাজুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাশটি উদ্ধার করে।
তাজুল ইসলাম ওই গ্রামের কবির হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাচা সাখাওয়াত উল্লাকে আটক করা হয়েছে।
নাটেশ্বর ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও সদস্য শরাফত উল্লা প্রথম আলোকে বলেন, তাজুল ইসলামের বড় বোন তাসলিমা আক্তারের সঙ্গে চাচাতো ভাই মো. হারুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। যার জের ধরে কয়েক মাসের মাথায় বিয়ে ভেঙে যায়। আটক সাখাওয়াত উল্লা হারুনের বাবা৷
গতকাল দুপুর ১২টার দিকে পাশের বাড়ির একটি নির্মাণাধীন শৌচাগারের ভেতরে তাজুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে বেলা একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, লাশ দেখে মনে হয়েছে শ্বাসরোধ এবং মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে। দুই পরিবারের বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।