নোয়াখালীতে সওজ কর্মচারীদের বিক্ষোভ স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি সংস্থাপনে আনয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। পরে সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নোয়াখালী শাখার পক্ষ থেকে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রী ও সচিব বরাবর স্মারকলিপি দেন।
এর আগে বেলা ১১টার সময় ওয়ার্কচার্জড কর্মচারীরা সওজ কার্যালয়ে জড়ো হন।
বেলা সাড়ে ১১টার সময় ওয়ার্কচার্জড কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে একই স্থানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নোয়াখালী আঞ্চলিক সংসদের সভাপতি মঞ্জুরুল করিম, সাধারণ সম্পাদক মো. নূর নবী, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল্যাহ প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান।
দাবিগুলো হলো ২০১২ সালের ১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহীত সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন। সড়ক ও জনপথ অধিদপ্তরের মৃত অবসরপ্রাপ্ত ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারীদের জন্য পারিবারিক পেনশন প্রথা চালু করা। ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করার পর অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কম্পিউটার অপারেটরদের নিয়মিত সংস্থাপনে আনয়ন। বিভিন্ন পদে দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মরত কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের (ভাতাসহ) সমানুপাতিক ভিত্তিতে দৈনিক মজুরির হার নির্ধারণ।