নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বারির পোল এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আবদুল মান্নান (৫০) নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গত মঙ্গলবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান একলাশপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অটোরিকশায় থাকা অপর তিনজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ওই সড়ক দিয়ে একলাশপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বারির পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রী আবদুল মান্নান ঘটনাস্থলে মারা যান।