নোয়াখালীতে সম্প্রীতি প্রতিষ্ঠায় গান্ধীর ভূমিকা ইতিহাসে বিরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান্ধী ক্যাম্প: আ ক্রনোলজি অব নোয়াখালী ইভেন্ট ১৯৪৭-৪৯ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। অনুষ্ঠানে বইটির লেখক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী l ছবি: প্রথম আলো
গান্ধী ক্যাম্প: আ ক্রনোলজি অব নোয়াখালী ইভেন্ট ১৯৪৭-৪৯ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। অনুষ্ঠানে বইটির লেখক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী l ছবি: প্রথম আলো

বিশিষ্ট লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, মহাত্মা গান্ধীর জীবনদর্শন অহিংসা ও শান্তি। সারা বিশ্ব আজ অশান্তি ও হিংসার আগুনে জ্বলছে। গান্ধী চেয়েছেন সব সমস্যারই অহিংস সমাধান। গান্ধীজি তাঁর সহযোগীদের নিয়ে নোয়াখালীতে এসে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে যে ভূমিকা রাখেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল।
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত ‘শান্তি মিশন’ নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। গান্ধী ক্যাম্প: আ ক্রনোলজি অব নোয়াখালী ইভেন্ট ১৯৪৭-৪৯ নামের বইটির লেখকও তিনি। গতকাল বুধবার সকালে রাজধানীর কলাবাগানের একটি মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। বইটির প্রকাশক মহাত্মা গান্ধী স্মারক সদন। ১০৮ পৃষ্ঠার বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনে, মূল্য ২৫০ টাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, গ্রেট কলকাতা কিলিংয়ের প্রতিক্রিয়ায় ১৯৪৬ সালের অক্টোবর মাসে নোয়াখালীতে অল্প কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক লোক হিন্দুদের ওপর যে বর্বরতা চালায়, তা জাতীয় জীবনের কলঙ্ক। দাঙ্গার পর শান্তি প্রতিষ্ঠায় মুসলমান সম্প্রদায়ের নেতাদের ভূমিকা সামান্য। ওই বছরের ৭ নভেম্বর মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসে প্রায় চার মাস অবস্থান করেন। স্থায়ীভাবে হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ‘গান্ধী শান্তি মিশন’ প্রতিষ্ঠা করেন। নোয়াখালীতে এমন ২৬টি শান্তি মিশন প্রতিষ্ঠিত হয়। মহাত্মা গান্ধীর সফরসঙ্গী হিসেবে নোয়াখালীতে আসা ৩০ জন এবং বাংলাদেশে তাঁদের সহযোগীরা এ মিশনগুলো পরিচালনা করতেন।
গান্ধী মিশন হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে আবুল মকসুদ বলেন, ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ওই এলাকায় নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত শান্তি মিশন। মিশন চালাতে গিয়ে প্রতিষ্ঠাতারা নানা ধরনের অত্যাচার-নির্যাতনের শিকার হন। তাঁদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। এ ব্যাপারে তাঁরা তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেককে বিভিন্ন সময়ে চিঠি দেন। ওই সময়ে গান্ধী মিশন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত চিঠিপত্র, ডায়েরি, নোটবই, থানার এজাহারসহ দুর্লভ দলিল-দস্তাবেজের ওপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে।
মোড়ক উন্মোচন শেষে কলাবাগানের ১৬৬/বি লেক সার্কাসের দোতলায় অস্থায়ী ভিত্তিতে গান্ধী মহাফেজখানা (আর্কাইভ) উদ্বোধন করা হয়। আর্কাইভের উদ্বোধন করেন ভারতের ডেপুটি হাইকমিশনার।