নোয়াখালীতে সেবিকার অর্ধেক পদই খালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর ফকিরা থেকে ডায়রিয়ায় আক্রান্ত আড়াই বছরের মেয়ে সুরাইয়া আক্তারকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন মা ফাতেমা বেগম। ভর্তি হওয়ার পর কেটে গেছে প্রায় আধা ঘণ্টা। স্যালাইন দেওয়ার জন্য সেবিকার অপেক্ষায় তিনি। কিন্তু সেবিকা ব্যস্ত অন্য রোগীদের নিয়ে।
সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে এই দৃশ্য চোখে পড়ে। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবিকার অর্ধেক পদই খালি। একসঙ্গে কয়েকজন রোগী ভর্তি হলে তাঁদের হিমশিম খেতে হয়। তবুও তাঁরা সবাইকে সমানভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন।
জানা যায়, শুধু কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, সেবিকার সংকট রয়েছে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি ২০ শয্যার হাসপাতালে। সিনিয়র স্টাফ নার্সের ১০৬টি পদের মধ্যে ৫৩টি পদই শূন্য পড়ে আছে দীর্ঘদিন।
এসব স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে নার্সিং সুপারভাইজারের পাঁচটি, সিনিয়র স্টাফ নার্সের ১০৬টি এবং সহকারী নার্সের পাঁচটি পদ রয়েছে। যার অর্ধেকের বেশি খালি। এর মধ্যে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্সের ১৪টি পদের মধ্যে আটটি, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি পদের মধ্যে চারটি, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি পদের মধ্যে ছয়টি শূন্য।
একইভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি পদের মধ্যে ১১টি, সুবর্ণচরের চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি পদের মধ্যে ১২টি, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটটি পদের মধ্যে পাঁচটি এবং একই উপজেলার চর আলগী ২০ শয্যা হাসপাতালে চারটি পদের মধ্যে চারটিই শূন্য।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘চর আলগী হাসপাতালে চিকিৎসকের সংকটও অনেক দিনের। হাসপাতালে পাঁচজন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন একজন।’ সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, নার্সের শূন্য পদের তালিকা প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। কিন্তু নতুন করে অনেক দিন ধরে কাউকে পোস্টিং করা হচ্ছে না। তিনি আরও বলেন, চর আলগী হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে উন্নয়ন খাতের জনবল দিয়ে পরিচালিত হতো। এ কারণে সেখানে জনবল নিয়ে সমস্যা রয়েছে। তবে সম্প্রতি হাসপাতালটির সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে।