নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর চৌরাস্তা এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৪৫)। এ ঘটনায় অটোরিকশা ও বাসের আরও ১০-১২ জন যাত্রী আহত হয়েছে।
এ ঘটনার জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা সোনাপুর-আলেকজান্ডার সড়ক অবরোধ করেন। পরে সুধারাম থানার পুলিশ গিয়ে বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে একটি যাত্রীবাহী বাস সোনাপুরের উদ্দেশে আসছিল। বাসটি মন্নাননগর চৌরাস্তা এলাকা দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে তিনি বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।