নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. হেলাল উদ্দিন (৩০) ও যাত্রী মো. কবির হোসেন (৪৫)। হেলালের বাড়ি বেগমগঞ্জের ফাজিলপুর গ্রামে। কবিরের বাড়ি একই উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
পুলিশ জানায়, অটোরিকশাটি চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিল। সড়কের বাংলাবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে যাত্রী কবির হোসেন মারা যান।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বেগমগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেন।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু জাহের প্রথম আলোকে বলেন, পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।