নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মা-মেয়ে অটোরিকশার যাত্রী ছিল। শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে বাবার বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মা হাছিনা আক্তার (৩৮) ও মেয়ে হিমু আক্তার (১২)। তাঁদের বাড়ি সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামে। হিমু ওই গ্রামের প্রতিভা শিশু একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা হারুনুর রশিদ সৌদি আরবপ্রবাসী।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, মা-মেয়ের লাশ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।