নোয়াখালীতে ৪৭টি দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারের ধানহাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ৪৭টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে উচ্ছেদ হওয়া ব্যক্তিরা দাবি করছেন, পৌরসভার সাবেক মেয়র তাঁদের এই জায়গা বরাদ্দ দিয়েছেন।
অবশ্য পৌরসভা সূত্র জানায়, বিএনপি-সমর্থিত সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ প্রভাব খাটিয়ে ওই জায়গা বিভিন্ন ব্যক্তির কাছে বরাদ্দ দেন। সেখানে দোকান নির্মাণ করায় সোনাপুর এলাকায় যানজট বেড়েছে। পৌরসভার বর্তমান পরিষদ ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এ জন্য কার্যকর ব্যবস্থা নিতে পৌরসভা কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে অনুরোধ করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন প্রথম আলোকে বলেন, অবৈধভাবে পৌরসভার জায়গায় অপরিকল্পিতভাবে এসব দোকান নির্মাণ করা হয়েছিল। পৌর কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসনের পক্ষে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ হওয়া ব্যবসায়ী মো. সেলিম দাবি করেন, দুটি দোকানের বরাদ্দ পাওয়ার জন্য তিনি মোট ৪৪ হাজার টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন। এর বাইরে তাঁর কাছ থেকে নগদ আরও সাড়ে ৭ লাখ টাকা নেওয়া হয়। 

এ বিষয়ে সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৌরসভার নিয়মকানুন মেনেই ওই জায়গা বিভিন্ন ব্যক্তির কাছে বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে নোয়াখালী পৌরসভার বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান প্রথম আলোকে বলেন, পৌরসভা এলাকায় অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে যেসব স্থাপনা নির্মিত হয়েছে কিংবা দখল হয়েছে, পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে। জনগণের স্বাভাবিক চলাচল এবং যানজট নিরসনে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।