নোয়াখালীতে 'ব্যাংকের গাফিলতিতে' বোনাস পেলেন না শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঈদের বোনাস পাননি। জনতা ব্যাংকের গাফিলতির কারণে তাঁরা বোনাস পাননি বলে অভিযোগ উঠেছে।
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, অন্তত এক সপ্তাহ আগে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ জনতা ব্যাংকের আঞ্চলিক শাখায় এসে পৌঁছায়। যা সেখান থেকে বিভিন্ন উপজেলার শাখায় পাঠানো হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সরকারি অর্থ এসে পৌঁছায়নি বলে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে টালবাহানা করতে থাকে।
বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম বলেন, তিনি গতকাল সোমবারও জনতা ব্যাংকের মাইজদীকোর্ট শাখায় গিয়ে বোনাসের বিষয়ে খোঁজ নিয়েছেন। কিন্তু ব্যাংক থেকে তাঁকে জানানো হয়েছে ঈদের পর ছাড়া তাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।
এ বিষয়ে জনতা ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রবীন্দ্র চন্দ্র সূত্রধর বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থের বরাদ্দ তাঁদের হাতে এসে পৌঁছায়। কিন্তু এ-সংক্রান্ত আদেশের চিঠি তাঁরা পাননি।
ব্যাংকের একই শাখার উপমহাব্যবস্থাপক মোখলেছুর রহমান দাবি করেন, বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁদের কাছে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ এসে পৌঁছায়। ওই দিনই তাঁরা বিভিন্ন শাখায় এ-সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেন।