
নোয়াখালীর চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ গঠন করে তাঁদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন। নোয়াখালীর ওই চারজন হলেন মো. আবদুল কুদ্দুস, মো. জয়নাল আবদিন, আমির আহম্মেদ ওরফে আমির আলী এবং আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। তাঁদের মধ্যে মনসুর পলাতক। বাকি তিনজন কারাগারে।
অভিযোগ গঠনের আদেশে প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৫ জুন নোয়াখালীর সুধারামে ৪১ জনকে হত্যা করা। এ চারজনের সবাই আসামি। দ্বিতীয় অভিযোগ, ১৩ সেপ্টেম্বর সুধারামে গণহত্যা। এ অভিযোগ আমির, মনসুর ও জয়নালের বিরুদ্ধে। তৃতীয় অভিযোগ, ১৩ সেপ্টেম্বর নয়জনকে হত্যার। এ অভিযোগ আমির হোসেন ও মনসুরের বিরুদ্ধে।
ট্রাইব্যুনালে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এম মাসুদ রানা। পলাতক আসামি মনসুরের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জাহিদ ইমাম।
২০১৪ সালের ৩১ আগস্ট নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরে ৫ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই দিনই গ্রেপ্তার হন আমির আলী, জয়নাল ও ইউসুফ। গত বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হন আবদুল কুদ্দুস। গত ১৯ মে ইউসুফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাঁকে মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।