নোয়াখালীর তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা নোয়াখালীর তিনজনকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৪ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল নোয়াখালীর মো. আমির আহমেদ ওরফে আমির আলী, জয়নাল আবদিন ও মো. ইউসুফকে হাজির করে পুলিশ। গত সোমবার এই তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম উপস্থিত ছিলেন।

জাহিদ ইমাম বলেন, এই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারের আবেদন জানানো হয়। নোয়াখালীর ওই পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

সোমবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুপুরে আমির আহমেদ (৭২) এবং সন্ধ্যায় জয়নাল আবদিনকে (৭০) গ্রেপ্তার করে নোয়াখালীর সুধারাম থানার পুলিশ। শহরের দক্ষিণ ফকিরপুরের বাড়ি থেকে আমির আহমেদ এবং সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে জয়নাল আবদিনকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের নিজ বাড়ি থেকে মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ।