নোয়াখালীর সেই ইমামকে খুন করা হয়েছিল?
নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিন আত্মহত্যা করেননি, তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে মতামত দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। গতকাল শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাঠানো হয়েছে বলে হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকালই তিনিসহ দুই চিকিৎসকের যৌথ স্বাক্ষরে জহির উদ্দিনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ময়নাতদন্তকারী অপর চিকিৎসক হলেন মো. শামীম রেজা।’
এক প্রশ্নের জবাবে আরএমও মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ওই ব্যক্তিকে (জহির উদ্দিন) গলা কেটে খুন করা হয়েছে। কারণ কেউ নিজের গলা কাটলে ক্ষত এতটা গভীর হওয়ার কথা নয়। নিহত ব্যক্তির বাঁ হাতের তালু ও তিনটি আঙুলের কাটা দেখে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছেন বলেও আমরা ধারণা করছি।’
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কৃষ্ণরামপুরে নিজ বাড়ির শোবারঘর থেকে জহির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, জহির উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পেয়েছেন কি না, জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে ময়নাতদন্তের প্রতিবেদন এখনো অফিসে আসেনি।’ প্রতিবেদনে যদি নিহত ইমামকে হত্যা করার বিষয়টি উল্লেখ করা হয়, সে ক্ষেত্রে তদন্তের কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি আসে, তদন্তও সেভাবে হবে।’
এসপি মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পর পারিপার্শ্বিক অবস্থা দেখে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। শুধু একটা জায়গায় সন্দেহ, সেটি হলো গলা কাটা যাওয়ার ধরন। এ কারণে পিবিআই ও সিআইডির সহযোগিতা নিয়ে হাত ও পায়ের আঙুলের ছাপ সরক্ষণ করাসহ আরও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।’
সিআইডির নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক সুবাশ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সুধারাম থানার পুলিশই তদন্ত করবে। আমরা তাদের তদন্তে সহযোগিতা করছি। এরই মধ্যে তদন্ত কর্মকর্তাকে কিছু বিষয়ে সিআইডির পক্ষ থেকে ধারণাও দেওয়া হয়েছে। সে আলোকেই তদন্ত চলছে।’