নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত ২২ আগস্ট চরবাটা ইউপি কার্যালয়ে ডাকা সালিসি বৈঠকে এক ছাত্রী ও তাঁর মা-বাবা ও খালাকে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনসহ দুজনকে আসামি করে গত সোমবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়।
সুবর্ণচরের চরজব্বর থানার ওসি মো. নিজাম উদ্দিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবার আদালতে করা অভিযোগ সোমবার রাতে নিয়মিত মামলা হিসেবে করা হয়। এরপর ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
এদিকে ওই স্কুলছাত্রীকে গত সোমবার বিকেলে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
ওই ছাত্রীর বাবার অভিযোগ, মামলা তুলে না নিলে কিংবা এ ঘটনায় চেয়ারম্যানের কিছু হলে তাঁর বসতঘরে তালা দেওয়া হুমকি দেওয়া হয়েছে। তিনি বিষয়টি স্থানীয় সাংসদকে জানিয়েছেন।