প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) গ্রিড সাব-স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার বিকেল পাঁচটা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা।
বিউবো সূত্র জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড সাব-স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাব-স্টেশন থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দুই জেলার দুই লাখের বেশি বিদ্যুৎ গ্রাহক ভোগান্তির শিকার হন।
সূত্র জানায়, ত্রুটি সারিয়ে রাত পৌনে ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ আংশিক চালু করা হয়। রাত ১২টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিউবোর চৌমুহনী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নুরুল হক বলেন, চৌমুহনী গ্রিড সাব-স্টেশনে কাজ করার সময় ব্রেকার নষ্ট হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।