নৌ ও বিমানবাহিনী প্রধানের পদবি উন্নীত

সরকার নৌবাহিনীপ্রধানের পদবি ‘ভাইস অ্যাডমিরাল’ থেকে ‘অ্যাডমিরাল’ এবং বিমানবাহিনীপ্রধানের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার চিফ মার্শাল’-এ উন্নীত করেছে। গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।
গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাবাহিনীপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবকে অ্যাডমিরাল এবং বিমানবাহিনীপ্রধান এয়ার মার্শাল আবু এসরারকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পর্যায়ক্রমে পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিব নৌসদর দপ্তরে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সব পরিদপ্তরের পরিচালকেরা এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার র্যাংক ব্যাজ পরিধান শেষে বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।