নৌ মন্ত্রণালয়ের অর্থ পাননি ক্ষতিগ্রস্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে—এমন ৫৭টি পরিবার নৌ মন্ত্রণালয়ের ঘোষিত ক্ষতিপূরণের অর্থ এখনো পায়নি৷ গত রোববার ওই দুর্ঘটনার এক মাস পূর্ণ হয়৷
গত ১৫ মে লঞ্চডুবির ঘটনার দিন নৌমন্ত্রী শাহজাহান খান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তিদের পরিবারকে মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক এবং ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নৌ মন্ত্রণালয়ের ক্ষতিপূরণের ওই অর্থ না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷
১৫ মে ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী লঞ্চ এমভি মিরাজ-৪ তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়৷ এতে ৫৮ জন যাত্রীর মৃত্যু হয়৷ তাঁদের মধ্যে ৫৭ জনের পরিচয় মিলেছে৷ অধিকাংশ যাত্রীর বাড়ি শরীয়তপুরের সুরেশ্বর ও নড়িয়া উপজেলায়৷
নৌ মন্ত্রণালয়ের ক্ষতিপূরণের অর্থ না পাওয়া প্রসঙ্গে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘আমরা দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৫৭ জনের তালিকা তৈির করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি৷ মন্ত্রণালয় সেই তালিকার আলোকে টাকা আমাদের কাছে এখনো পাঠায়নি৷’ শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, দুর্ঘটনার পরে তাঁরা ক্ষতিপূরণের টাকার জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন৷ কিন্তু গতকাল সোমবার পর্যন্ত তাঁরা কোনো টাকা পাননি৷
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: দুর্ঘটনার পর লঞ্চের মালিক, সারেং, সুকানি, মাস্টারসহ অজ্ঞাতনামা আরও নয়জনের বিরুদ্ধে গজারিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও গত এক মাসে আসািমদের একজনও গ্রেপ্তার হননি৷ গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বলেন, আসািমদের বাড়ি বিভিন্ন জেলায় হওয়ায় সমস্যা হচ্ছে। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন সম্পন্ন করেছে।
দুটি কমিটিরই তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন তাঁরা। উল্লেখযোগ্য কয়েকটি কারণের মধ্যে রয়েছে লঞ্চের মাস্টারের অদক্ষতা, লঞ্চের কাঠামোর ত্রুটি এবং ইঞ্জিনের সমস্যা৷