নৌকা ডুবে দুই পরিবারের ৪ জনের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নৌকাডুবিতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। একই দিন জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া চারজন হলেন দিরাই উপজেলার তাড়ল গ্রামের ফারুক আহমদ চৌধুরী (৪৫) ও তাঁর ছেলে এহসান আহমদ চৌধুরী (১২) এবং দেওয়ানগঞ্জ উপজেলার বেপারীপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী স্মৃতি বেগম ও ছেলে মো. জিম (১১)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও দিরাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক ও তাঁর ছেলে এহসান গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাশের টাংকির হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান। এর কিছুক্ষণ পর নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে দুজনই নিখোঁজ হন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ওই হাওরের রুপি এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাংধরা ইউনিয়নের নিমাইমারী খেয়াঘাট থেকে বৃহস্পতিবার রাত আটটার দিকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা কুড়িগ্রামের রাজীবপুরের উদ্দেশে ছেড়ে যায়। নৌকাটি কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতে ডুবে যায়। এ সময় জিঞ্জিরাম নদী সাঁতরে অনেক যাত্রী তীরে ওঠেন। কিন্তু সাঁতার না জানায় ঘটনাস্থলে রাজীবপুর বেপারীপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী স্মৃতি বেগম মারা যান। এ ছাড়া এ সময় ওই দম্পতির বড় ছেলে আবু হোমাইরা গুরুতর আহত হয় ও ছোট ছেলে মো. জিম নিখোঁজ হয়। পরে আবু হোমাইরাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকাল ছয়টার দিকে দেওয়ানগঞ্জ নদীর বাঘারচর এলাকা থেকে জিমের লাশ উদ্ধার করা হয়।