বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের পাশাপাশি ক্ষমতাসীন জোটটির শরিক দল জাসদও মেয়র পদে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থীকে হারানোর জন্য জাসদ উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।
এদিকে বিএনপির দুই নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। তাঁরা প্রত্যেকেই জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। এতে বিএনপির প্রার্থীর জয় নিয়ে সংশয় দেখা দিয়েছে।
পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে রফিকুল ইসলাম, বিএনপি থেকে ধানের শীষে বর্তমান মেয়র সুশান্ত কুমার ওরফে শান্ত, জাসদ থেকে মশাল প্রতীকে বগুড়া-৪ আসনের জাসদের সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই মাহাবুবার রহমান ওরফে রুস্তম, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী ওরফে জুয়েল জগ প্রতীকে এবং পৌর বিএনপির সহসভাপতি এ কে এম ফজলুল হক কাশেম মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল শনিবার সকাল আটটায় পৌর এলাকার পুরাতন বাজারে গিয়ে দেখা যায়, ভোটের আলোচনায় সরগরম চারদিক। চা-দোকানি সফুরা বেগম বলেন, ভোটের কারণে ভোর থেকে রাত পর্যন্ত সরগরম থাকছে বাজার। কৃষক মজিবর রহমান (৭৫) বলেন, পৌরসভা নির্বাচনে এবারই প্রথম নৌকা-ধানের শীষ মার্কায় ভোট হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ বিরাজ করছে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরফুল হক বলেন, যোগ্য নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়নি। পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হোসেন আলী (৯৪) প্রথম আলোকে বলেন, ‘শ্যাষ বয়সে খুব আলন্দ করে লৌকাত ভোট দিবার যাবার চাচনু। কিন্তু লৌকা মার্কাডা ভাল হলেও লেতাডা হয়নি। ভোট দিবার যামো, কিন্তু মনত কষ্ট থ্যাকপি।’
বাজারের একটি চায়ের দোকানে কথা হয় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঙ্গে। তিনি বলেন, প্রার্থী মনোনয়নে কারও মতামত নেওয়া হয়নি সত্যি; তবে দল যেহেতু তাঁকে (রফিকুল ইসলাম) মনোনয়ন দিয়েছে, সেহেতু ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে সব নেতা-কর্মীর নৌকা মার্কার পক্ষে কাজ করা দরকার।
সকাল নয়টার দিকে বাজারে ভোট চাইতে আসেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম। একটি চায়ের দোকানে গণসংযোগের পর তিনি বলেন, দলে কিছু সমস্যা আছে। তবে নৌকার বিজয়ে বড় বাধা জাসদ। তিনি অভিযোগ করেন, জাসদের সাংসদ রাতের আঁধারে এলাকায় আসছেন। তিনি ভোটারদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ না করার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন। মশাল মার্কার পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপ দিচ্ছেন। এ ছাড়া ভোটারদের বলছেন, মশালে ভোট না দিলে ধানের শীষে দাও।
জানতে চাইলে সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ও নৌকা মার্কার প্রার্থীর সব অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। কাউকে ভয়ভীতি দেখানো বা চাপ সৃষ্টির অভিযোগ সঠিক নয়। আমি সরকারি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় যাচ্ছি। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমার ভাইয়ের জন্য কারও কাছে ভোট চাইনি।’
সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ভোট চাইছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী। তিনি বলেন, পাঁচ বছরে পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। পৌরসভার রাস্তাঘাট বেহাল। কোনো নালা নেই। ওমরপুর হাটের রাজস্ব আয়ে পৌরসভা চললেও হাটের পুরোনো শেড বিনা দরপত্রে ইজারা দিয়েছেন বর্তমান মেয়র। তাঁর আমলে হাটের কোনো উন্নয়ন হয়নি।
পুরাতন বাজার এলাকায় গণসংযোগ চালানোর সময় উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম ফজলুল হক কাশেম বলেন, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তাঁর গোটা পরিবার আওয়ামী লীগ করে। তিনি পৌরসভায় কোনো উন্নয়ন করেননি। তাঁর সঙ্গে দলের বেশির ভাগ নেতা-কর্মীই নেই।
সকালে পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লায় গণসংযোগকালে বিএনপির প্রার্থী সুশান্ত কুমার বলেন, ‘বিদ্রোহীরা ধানের শীষের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ, কারও মুখ দেখে নয়, ভোটাররা ধানের শীষ দেখে ভোট দেবেন। তা ছাড়া, পাঁচ বছরে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় হবে।’
নন্দীগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, আচরণবিধি ভেঙে প্রচারণা চালানো বা কোনো প্রার্থীর সমর্থকদের হুমকি-ভয়ভীতি প্রদর্শনের ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।