নৌকা-ধানের শীষ প্রতীক পেতে ছয়জনের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা ও ধানের শীষ প্রতীক পেতে তিনজন করে ছয় প্রার্থী জোর তৎপরতা চালাচ্ছেন। গত বুধবার তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে। আগামী ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-১০ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দিকে তাকিয়ে আছেন সম্ভাব্য প্রার্থীরা। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী নিয়ে কোন্দল রয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া একজনকে এবং সাবেক সাংসদ ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়াও আরেকজনকে প্রার্থী করার তৎপরতা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বর্তমান মেয়র এ কে এম মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক। আর বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নুরুল আফছার ওরফে বড় নয়ন, সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে মুকুল।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা ছাদেক হোসেন ভূঁইয়া বলেন, ‘দলের কাছে জীবনে কোনো কিছু চাইনি। জীবনের শেষ সময়ে মেয়র পদপ্রার্থী হতে চাই।’ এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সিদ্ধান্ত ছাড়া কেউ প্রার্থী হতে পারবেন না। উনি সিদ্ধান্ত না দিলে, আমার প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে আমি নির্বাচন করতে আগ্রহী।’ উপজেলা যুবলীগের নেতা মো. আবদুল মালেক বলেন, ‘মন্ত্রী মহোদয়ের কাছে নির্বাচনের আগ্রহ ব্যক্ত করব।’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই বসে একজনকে প্রার্থী করব।’
জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নুরুল আফছার বলেন, ‘মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির মূলধারা। আমরা বসে সিদ্ধান্ত নেব, কে মেয়র প্রার্থী হবে। দল চাইলে আমিও প্রার্থী হব।’
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি। দলের কাছে মনোনয়ন চাইব। উপজেলা সদরের একজন কাউন্সিলর হিসেবে দল আমাকে ধানের শীষ প্রতীক উপহার দেবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম বলেন, এ পৌরসভায় বর্তমানে ভোটারসংখ্যা ১৭ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৯৪ জন ও মহিলা ৮ হাজার ৬২৪ জন।