নৌকা প্রতীক পেতে সাংসদদের দ্বারে সম্ভাব্য প্রার্থীরা
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই পাবনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সাংসদদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন। বিষয়টিকে ভালোভাবে দেখছেন না দলের তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের দাবি, তৃণমূলকে উপেক্ষা করে সাংসদেরা প্রার্থী চূড়ান্ত করলে তা হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত। এতে প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী হবেন। আর তা হলে নির্বাচনে দলের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে বেড়া উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলো হলো হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, কৈটোলা, চাকলা, জাত-সাখিনী, পুরান ভারেঙ্গা, রূপপুর, মাশুমদিয়া ও ঢালারচর।
জেলার বেশ কয়েকটি ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতেই আওয়ামী লীগের সাংসদ রয়েছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে সম্ভাব্য প্রার্থীরা তাঁদের দারস্থ হচ্ছেন। তফসিল ঘোষণার আগে থেকেই মনোনয়ন প্রত্যাশায় প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে সাংসদদের খুশি করার চেষ্টা করছেন। সাংসদেরা ঢাকা থেকে এলাকায় এলেই তাঁদের ঘিরে রাখছেন মনোনয়নপ্রত্যাশীরা। পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের সাংসদ খন্দকার আজিজুর রহমান অধিকাংশ সময় ঢাকায় নিজ বাসভবনে থাকেন। প্রথম ধাপে বেড়া উপজেলা নির্বাচন হওয়ায় তিনি বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন। গ্রামে গ্রামে ঘুরে বৈঠক করছেন সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) নির্বাচনী এলাকার সাংসদ মকবুল হোসেন থাকেন ভাঙ্গুড়ার নিজ বাড়িতে। প্রতিদিন তাঁর বাড়িতেও সম্ভাব্য প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ ও ভূমিমন্ত্রী শামসুর রহমান ৪ ও ৫ ফেব্রুয়ারি তাঁর নির্বাচনী এলাকা ঈশ্বরদীর বাসভবনে ছিলেন। দুই দিনই চেয়ারম্যান প্রার্থীরা দলে দলে ভিড় জমিয়েছেন তাঁর বাড়িতে।
ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতা-কর্মীদের দাবি, সাংসদেরা মনোনয়নপ্রত্যাশীদের নৌকা প্রতীক দেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছেন। অনেক সম্ভাব্য প্রার্থী সাংসদদের নামে এই আশ্বাসবাণী ফলাও করে প্রচারও করছেন। কিন্তু যাঁরা এগুলো করছেন, তাঁদের অনেকেই আওয়ামী লীগে নতুন। সাংসদেরা তাঁদের মনোনয়ন দিলে সিদ্ধান্ত ভুল হবে বলে এসব তৃণমূল নেতা-কর্মী মনে করেন। প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবেন। এটা হবে দলের জন্য ক্ষতিকর।
বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মোল্লা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছেন উপজেলা সভাপতি ও সম্পাদকের ওপর। কিন্তু স্থানীয় সাংসদ বেশ কিছুদিন ধরে কিছু মনোনয়নপ্রত্যাশীকে এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। এতে অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ।
মাশুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শহিদুর রহমান বলেন, তৃণমূল নেতা-কর্মীদের উপেক্ষা করে সাংসদ প্রার্থী চূড়ান্ত করলে তা কেউ মেনে নেবেন না। অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন।
ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু অনেকেই নতুন করে দলে নাম লিখিয়ে প্রার্থী হতে চাইছেন। এমন অনেক প্রার্থী সাংসদদের কাছে ধরনা দিচ্ছেন। অনেকেই মনোনয়ন পাবেন বলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁরা মনোনয়ন পেলে আওয়ামী লীগে বড় ধরনের ধস নামবে।’
এ প্রসঙ্গে জানতে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের সাংসদ খন্দকার আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণে আমাদের তেমন সুযোগ নেই। তবে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে কোনো প্রার্থীর প্রতি আমার মৌন সমর্থন থাকতেই পারে।’
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক বলেন, ‘সাংসদ নন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থানা ও উপজেলা কমিটি থেকে যাঁদের নাম প্রস্তাব করা হবে, আমরা জেলা কমিটি সেটাই অনুমোদন দেব। ফলে নেতা-কর্মীদের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই।’