নৌকা মার্কাকে ভুলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনারা নৌকা মার্কাকে আগামীতে ভুলবেন না। নৌকাই শান্তি দেবে, নৌকাই উন্নতি দেবে, নৌকাই এ দেশের মানুষের মুক্তি এনে দেবে।’
কোনো নির্বাচনের কথা উল্লেখ না করে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। আর যারা উড়ে এসে জুড়ে বসে, তারা আসে লুটপাট করতে, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সৃষ্টি করে। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব। আপনারা আমাদের ওপর ভরসা রাখবেন।’ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আমল ছিল সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলাভাই সৃষ্টির আমল এবং এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, দুর্নীতি করা, দুঃশাসন করা, মানি লন্ডারিংয়ের আমল। আর আওয়ামী লীগের আমল হচ্ছে সারা দেশে নিরাপত্তা ও উন্নয়নের আমল।
বিএনপি-জামায়াতের আমলে তাদের অত্যাচার-নির্যাতন থেকে কেউ রেহাই পায়নি উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, বিদেশি অতিথিরাও রেহাই পাননি, তাঁদের ওপর মাজারে বোমা হামলা হয়েছে। এই সিলেটে সিনেমা হলে বোমা হামলা হয়েছে। অন্তত ১০টি বোমা ও গ্রেনেড হামলা তাদের আমলে সিলেটে হয়েছে।
বিএনপি জোট শাসনামলের সঙ্গে আওয়ামী লীগের শাসনামলের তুলনা করে বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশের মানুষ শান্তিতে থাকে। আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করে আমরা বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছি। দেশের উন্নয়নের ধারা গতিশীলতা পেয়েছে।’
জনসভায় প্রায় ২৬ মিনিট বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সিলেটের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বক্তৃতার শুরুতে তিনি বিগত দুটি নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সিলেটবাসীকে ধন্যবাদ জানান।
শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা ও যোগাযোগ খাতগুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশ যাতে উন্নত হয়, সেই চেষ্টা আমরা করছি। কিন্তু দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যায়, মানুষ যখন সুখে-শান্তিতে থাকে, মানুষের জীবনে যখন শান্তি ফিরে আসে, আমরা দেখি একজনের মনে খুব অশান্তি দেখা দেয়। যিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন, যার হাতে কোনো মানুষের জীবন নিরাপদ নয়। তবে তাঁকে মনে রাখতে হবে, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ করতে দেওয়া হবে না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, তাদের কোনো ক্ষমা নেই। যেখানে যেখানে হামলা হয়েছে, সেখানে মামলা হয়েছে। প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করেছি। বিমান এখন লন্ডন থেকে সরাসরি সিলেটে আসে।’
বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করে পরে জনসভায় যান।
জনসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক প্রমুখ।
উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন: জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী সিলেটের ১০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধন করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিইটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, ৩০ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়, ১০০ শয্যাবিশিষ্ট শহীদ শামসুদ্দিন শিশু হাসপাতাল ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন। এ ছাড়া সিলেট আউটার স্টেডিয়াম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়, তামাবিল স্থলবন্দর, সিলেট ইলেকট্রনিক সিটিসহ ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
মদনমোহন কলেজ সরকারীকরণের ইঙ্গিত: জনসভার আগে সিলেটের মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান একটি গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান। অনেক গুণীজনের জন্ম দিয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এখানে অর্থের কোনো অভাব নেই, শুধু সম্মানের জন্য সরকারীকরণ। কাজেই আমার মনে হয় এতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ। যেহেতু অর্থমন্ত্রী সঙ্গে আছেন; কাজেই এটা সরকারি আমরা করে দিতে পারব।’
প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।
মদনমোহন কলেজের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাস ও কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ।