নৌকাডুবিতে দুই জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে নৌকাডুবিতে গিয়াস উদ্দিন ওরফে কালু (৩৫) ও মোহাম্মদ একরাম (২৫) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম জানান, গতকাল বেলা ১১টার দিকে জেলে গিয়াস ও একরাম কাঁকড়া ধরার জন্য তাজিয়াকাটা থেকে নৌকাযোগে সোনাদিয়া যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে সোনাদিয়া চ্যানেলে তাঁদের নৌকাটি ডুবে যায়। বেলা একটার দিকে দুই জেলের লাশ সাগরে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। নিহত গিয়াসের বাড়ি কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় এবং একরামের বাড়ি মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটায়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, নিহত দুই জেলের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিক বিকেলে নিহত দুই পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।

এ ছাড়া মাছ ধরতে গিয়ে গতকাল সকালে বাকখালী চ্যানেলে পড়ে আরও এক জেলে নিহত হয়েছেন। নিহত আবদুল করিমের (৩০) বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়নে। কালারমারছড়া ইউপি সদস্য নাজেম উদ্দিন জেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভারী বর্ষণে ঘরের মাটির দেয়াল ধসে গেলে তার নিচে চাপা পড়ে হুমায়রা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।  গতকাল সকালে বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালীর ইউএনও আনোয়ারুল নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।