নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মালবাহী নৌকার ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রী শর্মি রানী দাসের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বাঁশখাই গ্রামের পাশে ধনু নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ছাড়া মালবাহী নৌকার তিন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রুহুল আমিন (২৬), তাঁর ছোট ভাই খায়রুল আমিন (২২) ও বিশ্বম্ভরপুর উপজেলার আল কাউসার (১৮)।
শর্মি (১১) ইটনা উপজেলা সিলুনদিয়া গ্রামের দুলাল দাসের মেয়ে। সে সিলুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলার রামপুর গ্রাম থেকে সাতজন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সিলুনদিয়া গ্রামে যাচ্ছিল। পথে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী নৌকা ওই নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়।