নৌকাডুবিতে মা ও মেয়ের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে গত সোমবার রাত সাড়ে সাতটায় নৌকাডুবিতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের সুহেল আহমদের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাঁর মেয়ে পিংকী (৭)।
তাহিরপুর থানার পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সুহেল আহমদ স্ত্রী-সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখান থেকে একটি ছোট নৌকায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন। শনির হাওরের তারাজান বিলে যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সুহেল আহমেদ সাঁতরে তীরে উঠতে পারলেও স্ত্রী ও সন্তান নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করেন।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মা-মেয়ের লাশ তাঁদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।