নৌকাবাইচের উত্তরাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নৌকাবাইচ হলে মানুষকে নদীমুখে রীতিমতো উন্মুখ দেখা যায়। তীরে মানুষের উচ্ছ্বাস আর নদীতে ঝড় তুলে চলে বাইচের নৌকা। আবহমান বাংলার প্রাচীন এ খেলা যাঁদের দিয়ে হয়, তাঁরাও বংশপরম্পরায় লালন করেন এ খেলা। অর্জন করেন উত্তরাধিকার সূত্রেও।
এ রকম এক উত্তারাধিকারের সাক্ষাৎ মেলল গত সোমবার সিলেটের সুরমা নদীর শাখা নদী চেঙ্গেরখালে মুগলগাঁওবাসীর আয়োজন করা নৌকাবাইচে।
বাইচের নৌকার হাল থাকে তাঁর হাতে। এই হাল ধরা তাঁর উত্তারাধিকার সূত্রে পাওয়া। বাবার কাছ থেকে পাওয়া। বাবা পেয়েছিলেন তাঁর দাদার কাছ থেকে। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত বর্ষার পুরো সময়ে সিলেট অঞ্চলে নৌকাবাইচের হাল ধরার বংশপরম্পরার এ ব্যক্তি হচ্ছেন শামসুল আলম (৩৮)। সিলেটে গত ১৭ আগস্ট এবারের বর্ষাকালীন বাংলালিংক আয়োজিত বিভাগীয় নৌকাবাইচে শামসুল আলমের দল রানার্সআপ (দ্বিতীয়) হয়। সোমবার চেঙ্গেরখালে মুগলগাঁওবাসীর আয়োজনে শামসুল আলমের দল অংশ নিয়ে এবারের বর্ষার সর্বশেষ পর্যায়ের নৌকাবাইচের ইতি ঘটালেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাগজুর গ্রামে শামসুল আলমের বাড়ি। ৫৫ সদস্যের তাঁর নৌকাবাইচের দল। দলের নামও এলাকার নামে ‘বাগজুর’। গঠিত হয় পাকিস্তান আমলে শামসুলের দাদা মৃত সফর আলীর সময়ে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। সেই সময়ে বর্ষা এলে সফর আলীর পুরোটা সময় কাটত বাইচের পর বাইচে। বাইচের নৌকার হাল ধরার কাজ ছিল দলনেতার ওপর। সফর আলী মারা যাওয়ার পর হাল ধরেন ছেলে আবদুল বশির। তিনি মারা যাওয়ার পর শামসুল হাল ধরে আসছেন বাগজুর দলের।
সিলেট অঞ্চলের যেকোনো এলাকায় নৌকাবাইচে বাগজুর দলের অংশ নেওয়া মানে প্রতিযোগিতার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। সোমবার চেঙ্গেরখালে দুপুরের পর থেকে শুরু হওয়া বাগজুর দলের বাইচ দেখতে আশপাশের শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ যেন নদীর দিকে উন্মুখ হয়েছিলেন।