নৌকাভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ব্রহ্মপুত্রের কুড়িগ্রাম, রৌমারী, রাজীবপুর ও চিলমারী নৌপথে নৌকাভাড়া বাড়ানোর প্রতিবাদে রৌমারী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যাত্রী অধিকার রক্ষা কমিটির উদ্যোগে গত বুধবার দুপুর ১২টার দিকে রৌমারী ডাকবাংলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রৌমারী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আখতারুজ্জামান, শিক্ষক আব্দুর রাজ্জাক, আক্কাচ আলী ও যাত্রী অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মহির। পরে তাঁরা রৌমারীর ইউএনও আবদুল হান্নানের কাছে একটি স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলা। এই দুটি উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। প্রতিদিন দুই উপজেলা থেকে শতাধিক নৌকা যাত্রী ও মালামাল নিয়ে কুড়িগ্রাম ও চিলমারী যাতায়াত করে। এ দুটি উপজেলার বেশির ভাগ মানুষ দরিদ্র। কিন্তু ঘাটের ইজারাদার হঠাৎ করে নৌকাভাড়া বাড়ানোয় তাঁরা মারাত্মক সমস্যায় পড়েছেন।
বক্তারা আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থলপথে প্রতি কিলোমিটারে মাথাপিছু ভাড়া দেড় টাকা। সে অনুযায়ী রৌমারী ঘাট থেকে চিলমারীর ঘাটের দূরত্ব ৮ কিলোমিটার এবং কুড়িগ্রামের দূরত্ব ৩০ কিলোমিটার। এই হিসাবে চিলমারীর ভাড়া ১২ টাকা এবং কুড়িগ্রামে ৪৫ টাকা হওয়ার কথা। কিন্তু যাত্রীদের কাছ থেকে চিলমারীর ভাড়া ৫০ টাকা এবং কুড়িগ্রামের ভাড়া ৭০ টাকা আদায় করছিল। কিন্তু হঠাৎ করে ইজারাদার যাত্রীভাড়া ৫০ টাকার স্থলে ৭০ টাকা এবং ৭০ টাকার স্থলে ৮০ টাকা করেছেন।