নৌকার ওপর ট্রাক: একজনের লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদে খেয়া নৌকায় ট্রাক উঠে যাওয়ার ঘটনায় নিখোঁজ বেলায়েত হোসেন (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে এখনো তিনজন নিখোঁজ।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাপাড়া ফেরিঘাটে ইটবোঝাই একটি ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি যাত্রীবাহী নৌকায় ঊঠে যায়। এতে অন্তত এক শ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এতে দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কসংলগ্ন আন্ধারমানিক নদে ভাসমান অবস্থায় নিখোঁজ বেলায়েতের লাশ উদ্ধার করা হয় । বেলায়েতের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। এ ঘটনায় সামিয়া (৬), নিশাত (১০) ও আবদুল হালিম (২৬) নামের আরও তিনজন এখনো নিখোঁজ।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলায়েতের লাশ শনাক্ত করেছেন তাঁর ভাই আবদুল জব্বার হাওলাদার। লাশ ময়না-তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।