স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদলের বৈঠক
নৌকার পক্ষে কাজ করতে প্রধানমন্ত্রীর কড়া বার্তা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া বার্তা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে এই বার্তা দিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটের কাছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠকের সময় বাইরে বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে থাকা একাধিক স্থানীয় নেতা জানান, বৈঠকে স্থানীয় নেতাদের বলা হয়েছে, নির্বাচনে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয় দেখতে চান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে নেতাদের গাফিলতি গ্রহণযোগ্য হবে না।
প্রতিনিধিদলে থাকা এক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা শামীম ওসমানের অনুসারীদের কাছ থেকে নেতিবাচক মনোভাব পাননি। বরং শামীম ওসমানের অনুসারীদের অনেকে বলেছেন যে নির্বাচনী বৈতরণি পার হতে আইভী সঠিক প্রার্থী।
আওয়ামী লীগের কেন্দ্র থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। তাঁদের সঙ্গে বৈঠকে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ স্থানীয় নেতারা। সভার একপর্যায়ে সেখানে উপস্থিত হন আইভী। তিনি কিছু বলেননি, সবাইকে সালাম দিয়েছেন।
বৈঠক শেষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয় নেতাদের বলা হয়েছে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে যদি আওয়ামী লীগ না জেতে, বিএনপি সুযোগ পেয়ে যাবে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘আইভী স্থানীয় নেতাদের সঙ্গে যোগোযোগ করেন না। এভাবে দলীয় নির্বাচন হয় না। আমরা কেন্দ্রীয় নেতাদের বলেছি আইভীকে শোধরানোর জন্য।’
ভোটারদের দ্বারে আইভী ও সাখাওয়াত: গতকাল দুপুরে নগরের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলেন সেলিনা হায়াৎ আইভী। সেখানে বিভিন্ন সংগঠন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে প্রতীকী নৌকা উপহার দেন।
আইভীর এসব কার্যক্রম নির্বাচনী আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি গতকাল নিতাইগঞ্জসহ কয়েকটি স্থানে ভোটারদের সঙ্গে কথা বলেন।
সংশোধনী: গতকাল প্রথম আলোর প্রতিবেদনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহবুবুর রহমানের প্রতীক ‘বেলচা’ ছাপা হয়েছে। কিন্তু দলটির দলীয় প্রতীক ‘কোদাল’। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।