নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের শপথ করালেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মজিবুর রহমান মজুমদার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসন হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় এ শপথ করানো হয়।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো সভা বা সেমিনারে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাঁরা বুঝেশুনে এ বক্তব্য রেখেছেন কি না, বুঝতে পারছি না। তবে মুক্তিযোদ্ধাদের সভায় এভাবে কারও পক্ষে ভোট চাওয়া ঠিক হয়নি।’
আলোচনা সভায় মুজিবুর রহমান মজুমদার উপস্থিতি প্রায় ২০০ মুক্তিযোদ্ধাকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। তিনি মুক্তিযোদ্ধাদের দুই হাত তুলে নৌকার পক্ষে কাজ করার শপথ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সব মুক্তিযোদ্ধাকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. অলিউজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, হাতেম আলী প্রমুখ।