নৌকার পক্ষে প্রচারণায় বিএনপির নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটিতেই নেতা-কর্মীদের পাশে পাচ্ছেন না বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা। এসব ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা ধানের শীষের বদলে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেছেন। হয়রানির ভয়ে সংশ্লিষ্ট উপজেলা বিএনপির নেতা নিজেই এলাকাছাড়া থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপই নিতে পারছেন না বলে জানিয়েছেন।
উপজেলার নয়টি ইউপির মধ্যে আশেকপুরে এরই মধ্যে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি আটটি ইউপির মধ্যে গোহাইল, খোট্টাপাড়া, চুপিনগর ও আড়িয়া ইউপিতে বিএনপি মনোনীত চেয়ারম্যানদের প্রচারণায় যোগ দিচ্ছেন না দলীয় নেতা-কর্মীরা। এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুন।
গোহাইল ইউপির বিএনপির প্রার্থী কাজী মিজানুর রহমান অভিযোগ করেন, ‘দলের নেতা-কর্মীরা আমার পাশে নেই। কোনো রাখঢাক ছাড়াই তাঁরা প্রকাশ্যে নৌকার প্রচারণায় নেমেছেন।’
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদ আলী বলেন, গোহাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী আতোয়ার নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন দলের নেতৃত্বে এবং ইউপি চেয়ারম্যান থাকায় বিএনপির ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করছেন। তাই এখন নেতা-কর্মীরা কেউ ধানের শীষের পক্ষে কাজ করতে চাচ্ছেন না।
এদিকে খোট্টাপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইউনুছ আলী নাশকতার মামলায় এলাকাছাড়া। স্থানীয় ভোটাররা বলেন, প্রতীক বরাদ্দের পরপরই নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছেন খোট্টাপাড়া ইউনিয়নের বিএনপির নেতারা।
সংশ্লিষ্ট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল নৌকার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিএনপির প্রার্থী চেয়ারম্যান পদে থেকেও এলাকার কোনো উন্নয়ন করেননি। এটা স্থানীয় নির্বাচন। দল করি বলে অযোগ্য প্রার্থীকে তো ভোট দিতে পারি না। আওয়ামী লীগ যোগ্য প্রার্থী দিয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁর পক্ষে কাজ করছি এবং নির্বাচনী সভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছি।’
আড়িয়া ইউপিতে বিএনপির প্রার্থী আতিকুর রহমান। এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মর্তুজা আলী রেজা এবং ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুর রহমান। এখন মর্তুজা আলী আওয়ামী লীগ প্রার্থী খোরশেদ আলমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নৌকার পক্ষে ভোট চাওয়ার সত্যতা স্বীকার করে মর্তুজা আলী বলেন, ‘যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দলের কেউ নন। এ ক্ষেত্রে তৃণমূলের কোনো মতামতও নেওয়া হয়নি। নৌকার প্রার্থী যোগ্য হওয়ায় তাঁর পক্ষে কাজ করছি।’
চুপিনগর ইউপিতে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফফর রহমানের প্রচারণায় স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই যোগ দিচ্ছেন না। ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বাধীন দলের একাংশ আওয়ামী লীগের প্রার্থী মাহফুজার রহমানের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। এ সম্পর্কে ইমরান হোসেন বলেন, ‘দলের কিছু নেতা-কর্মী নৌকার পক্ষে কাজ করছেন বলে শুনেছি। আমাকে মনোনয়ন না দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন। তবে আমি তাঁদের নিষেধ করেছি।’
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাসার বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামার জন্য সব ইউনিয়নের সাংগঠনিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে হয়রানি করে আমাদের নেতা-কর্মীদের এলাকাছাড়া করা হচ্ছে। এতে অনেক কর্মী মাঠে নামতে পারছেন না। পুলিশের ভয়ে আমিও এলাকাছাড়া। ফলে ঠিকমতো নির্বাচনী সমন্বয়কের কাজ করতে পারছি না।’