পাবনার ফরিদপুর উপজেলার হাদল ও ডেমরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী নিজেদের প্রচারণা বন্ধ করে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় নেমেছেন। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। দলের প্রবীণ নেতাদের দাবি, টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাদল ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। তাঁর বিপক্ষে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে লড়ছেন আওয়ামী লীগের জহুরুল ইসলাম, খোরশেদ আলম ও মিজানুর রহমান। বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রওশন আলী মোল্লা। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। নির্বাচনের আগে দল ত্যাগ করে বিএনপির মনোনয়ন নেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রওশন আলী মোল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে শঙ্কিত ছিলেন স্থানীয় নেতা-কর্মীরা। মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবেই প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করে নির্বাচনের দুই দিন আগে গত সোমবার রাতে তিনি নিজের অবস্থান বদলে ফেলেন। এখন তিনি নিজের প্রচারণা বাদ দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজার হয়ে প্রচারণা চালাচ্ছেন।
জানতে চাইলে রওশন আলী মোল্লা বলেন, ‘এখনো কারও পক্ষ নিইনি। তবে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমাকে খুব করে ধরেছে। খুব চাপের মধ্যে আছি। এলাকার কিছু ব্যাপারও রয়েছে। তাই চুপ রয়েছি। এতেই অনেকে ভাবছে আমি নৌকার পক্ষে কাজ করছি।’
একই অবস্থা তৈরি হয়েছে উপজেলার ডেমরা ইউপি নির্বাচনে। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সমর্থক মাহফুজুর রহমান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবদুল মান্নান মণ্ডল। বিপক্ষে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মলয় কুমার কুণ্ডু ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল করিম।
স্থানীয় নেতা-কর্মী ও লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয়ভাবে বিএনপি থেকে আবদুল মান্নান মণ্ডলকে মনোনয়ন দেওয়া হলেও দলের অধিকাংশ নেতা-কর্মী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদকের পক্ষে কাজ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে আবদুল মান্নান নিজের নির্বাচন ছেড়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন।
জানতে চাইলে আবদুল মান্নান মণ্ডল বলেন, ‘দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হলেও দলের নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করছেন না। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘ডেমরা ইউনিয়নে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার কয়েক দিন পরেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁকে দলীয় কোনো বৈঠকে ডেকেও পাওয়া যায়নি। অন্যদিকে হাদল ইউনিয়নে বিএনপির প্রার্থী এলাকাগত বিভিন্ন চাপে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে শুনেছি।’
এদিকে দলীয় দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এটা দলের জন্য বড় ধরনের ক্ষতি বলে মনে করছেন তাঁরা। মনোনয়নে পক্ষপাতিত্বের কারণে এ অবস্থা হয়েছে বলে দাবি অনেকের।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাকিম খান বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত না নিয়ে টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দলের বড় ক্ষতি হলো।
এ প্রসঙ্গে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘তৃণমূল ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব হয়নি। আমাদের জানামতে, দলীয় কোনো ব্যাপার না। বিভিন্ন চাপে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।’