নৌকার যাত্রীর ধাক্কায় পানিতে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে পুনর্ভবা নদী পারাপারের সময় মো. বাবু (২৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। মাজেদুর রহমান নামে এক ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মাজেদুর রহমানকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুনর্ভবা নদীর পূর্ব পাড়ে দিনাজপুর সদর উপজেলার মুরারীপুর ও পশ্চিম পাড়ে বিরল উপজেলার কামদেবপুর গ্রাম। মুরারীপুর গ্রামের বাবু লেবু কিনতে বৃহস্পতিবার সকালে নৌকায় পুনর্ভবা নদী পার হয়ে বিরলে যাচ্ছিলেন। নৌকায় তাঁর সঙ্গে পল্লিচিকিৎসক মাজেদুর রহমানও ওঠেন। ভরা নদীতে নৌকা চালানো অবস্থায় বাবু মাঝির সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এ সময় মাজেদুর রহমান নৌকা চালানো অবস্থায় ঝগড়া করতে বাবুকে নিষেধ করেন। কিন্তু বাবু ঝগড়া চালিয়ে যাওয়ায় তিনি বাবুকে চড় মারেন। বাবু ক্ষিপ্ত হয়ে মাজেদুরকে গালাগাল করলে মাজেদুর বাবুকে গলাধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন।
নৌকার অন্য যাত্রীরা জানান, সাঁতার না জানায় বাবু মুহূর্তের মধ্যে ভরা নদীতে তলিয়ে যান। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন নৌকা নিয়ে প্রায় দেড় ঘণ্টা পর নদী থেকে বাবুর মৃতদেহ উদ্ধার করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বলেন, নৌকাটি বিরল উপজেলার কামদেবপুর ঘাটে ভিড়লে মাজেদুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন অন্য যাত্রীরা। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুর পরিবারের সদস্যরা বাদী হয়ে মামলা করবেন বলে জানান তিনি।
বিরল থানা হাজতে মাজেদুর সাংবাদিকদের বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। ইচ্ছা করে বাবুকে তিনি নদীতে ফেলে দেননি। বাবু সাঁতার জানত না এটাও তিনি জানতেন না।