নৌকার হালের আঘাতে জেলে নিহত
সন্দ্বীপ উপজেলার সারিকাইত এলাকার ধুপের খালে মাছ ধরতে গিয়ে গতকাল রোববার সকালে নৌকার হালের আঘাতে পরেশ চন্দ্র দাস (৩৫) নামের এক জেলে নিহত এবং অপর জেলে সন্তোষ চন্দ্র দাস (৩০) আহত হন।
পরেশ চন্দ্র দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার গামছাখালী গ্রামের সূর্য কুমার দাসের ছেলে। সন্তোষ চন্দ্র দাস একই এলাকার রজনী কান্ত দাসের ছেলে।
গতকাল সকাল সাড়ে ১০টায় গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক পরেশকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, নৌকার হালের আঘাতে আহত পরেশকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহত সন্তোষকে চিকিৎসার জন্য হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক আটটার দিকে পরেশ ও সন্তোষ মাছ ধরা শেষে ফেরার পথে ধুপের খালের কাছে পৌঁছালে ঢেউয়ের আঘাতে নৌকার হাল তাঁদের শরীরে আছড়ে পড়ে। এ সময় গুরুতর আহত দুই জেলেকে চমেক হাসপাতালে আনা হয়।