
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও ভোটারদের উৎকণ্ঠার মধ্যে আজ বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে, যা সারা দেশে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই নৌকা ও ধানের শীষের প্রার্থীরা মুখোমুখি হচ্ছেন।
তবে প্রতীকের লড়াই হলেও নির্বাচনী পরিবেশ ২০০৮ সালের মতো নয়। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানান, সোমবার মধ্যরাতে প্রচার-প্রচারণা থেমে গেলেও বিরোধী পক্ষের ওপর বিক্ষিপ্ত হামলা ও হুমকি থেমে থাকেনি। গতকাল শেষ মুহূর্ত পর্যন্ত তা চলেছে। ভয়ভীতি দেখিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে এলাকাছাড়া বা কোণঠাসা করে রাখা হয়েছে। কয়েকটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিএনপির এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সরকার ও নির্বাচন কমিশন বলছে, পরিস্থিতি এখন পর্যন্ত সহনশীল। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। আওয়ামী লীগ দাবি করেছে, তারা নেতা-কর্মীদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘একেক নির্বাচনে আওয়ামী লীগ একেক কৌশল অবলম্বন করে। এবার আশঙ্কা করছি, নির্বাচন শুরুর আগেই ব্যালট বাক্স ভরে রাখা হতে পারে।’ তিনি বলেন, ২৩৪টির মধ্যে প্রায় ২০০ পৌরসভায় বিএনপি-সমর্থক প্রার্থী ও দলের নেতা-কর্মীদের মারধর করা ও ভয়ভীতি দেখানো হয়েছে।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রেই গণনা করা হবে। নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এসব দলের মেয়র পদের প্রার্থীর সংখ্যা ৬৬০ জন। বাকি ২৮৫ জন স্বতন্ত্র প্রার্থী।
কমিশন সচিবালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, বিএনপির ৭১ জন প্রার্থী বর্তমানে মেয়র পদে আছেন। এগুলোসহ আওয়ামী লীগের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকা ৩০টির বেশি পৌরসভায় সহিংসতা হতে পারে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী রাজশাহী ও রংপুরের পৌরসভাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।
২৩৪টি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সব কটিতে, বিএনপি ২২৩টি, জাতীয় পার্টি ৭৪টি, জাসদ ২১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫৭টি এবং ওয়ার্কার্স পার্টি আটটি পৌরসভায় প্রার্থী দিয়েছে। বাকিরা অন্যান্য দলের।
সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি—উভয়ই প্রায় সব পৌরসভায় বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছে। আওয়ামী লীগ এত দিন ২০০টি পৌরসভায় জেতার কথা বলেছে। তবে গতকাল একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, ১৭০ থেকে ১৮০ পৌরসভায় মেয়র পদে জিতলেই তাঁরা সন্তুষ্ট থাকবেন। যদিও পুলিশের গোপন জরিপ বলছে, আওয়ামী লীগ ১২৮ ও বিএনপি ৪৯টিতে জিততে পারে। ৩৮টি পৌরসভায় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
বিএনপি সুনির্দিষ্ট সংখ্যা না বললেও দলটির পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য আছে। একটি হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ পৌরসভায় দলটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হবেন। আরেকটি বক্তব্য হচ্ছে, নির্বাচন যদি অর্ধেক সুষ্ঠু হয়, তাহলে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।
নির্বাচন কেমন হবে—এই প্রশ্নে আওয়ামী লীগ বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। বিরোধী দল বিএনপি নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করলেও নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেছেন, দলের নেতা-কর্মীদের সুষ্ঠুভাবে নির্বাচন করতে এবং নির্বাচন কমিশনকে সহায়তা করতে বলা হয়েছে। তিনি বলেন, যেহেতু নৌকা ও ধানের শীষের নির্বাচন, সেহেতু টুকটাক সমস্যা হতে পারে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পাঁচ বছর আগে অনুষ্ঠিত পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছিল। তখন সেনা মোতায়েন করা হয়েছিল। এবার বিএনপি সেনা মোতায়েনের দাবি করলেও এর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল রাতে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংবাদ সম্মেলন করে সোমবার বলেছে, নির্বাচন-পূর্ব ব্যাপক সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে নাগরিকদের মধ্যে একধরনের সংশয় তৈরি হয়েছে।
বিনা ভোটে নির্বাচিত: এবার সাতজন মেয়র ও ১৩৪ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ফেনীর তিনটি পৌরসভার দুটিতে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জেলার তিন পৌরসভায় ৪৮টি কাউন্সিলর পদের ৪৪টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া পিরোজপুর, জামালপুরের মাদারগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নোয়াখালীর চাটখিল ও চাঁদপুরের ছেংগারচরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
কেন্দ্র, পদ ও কর্মকর্তা: মোট ভোটকেন্দ্র ৩ হাজার ৫৫৫টি ও ভোটকক্ষ ২১ হাজার ৭১টি। সাধারণ ওয়ার্ড ২ হাজার ১৯৩টি এবং নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড ৭৩১টি। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা মিলিয়ে ৬৬ হাজার ৭৬৮ জন দায়িত্ব পালন করছেন।
কম ভোট, বেশি ভোট: ২৩৪টি পৌরসভায় মোট ভোটার ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৫২ হাজার ২৮৪ এবং নারী ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ জন। সর্বাধিক ২ লাখ ১৬ হাজার ৪৫১ জন ভোটার বগুড়া পৌরসভায়। ১ লাখের বেশি ভোটার আছে চাঁপাইনবাবগঞ্জ, সাভার, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল পৌরসভায়।
সবচেয়ে কম ৬ হাজার ১৫৯ ভোটার রয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জে। ১০ হাজারের কম ভোটার রয়েছে বরগুনার বেতাগী (৭,৭১১), বগুড়ার ধুনট (৯,৯২৮) ও কাহালু (৯,৮২৮), চট্টগ্রামের বারইয়ারহাট (৭,৫১২), ফরিদপুরের নগরকান্দা (৭,৫৩৬), যশোরের বাঘারপাড়া (৬,২৮৩), নাটোরের নলডাঙ্গা (৭,৬২৩) এবং পটুয়াখালীর কুয়াকাটায় (৬,৮৪১)।
২২৯ পৌরসভায় বিজিবি: ২২৯টি পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে মুলাদী, মেহেন্দিগঞ্জ, পাথরঘাটা, রামগতি ও হাতিয়া পৌরসভার প্রতিটিতে এক প্লাটুন করে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে।
প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশ, দুজন অস্ত্রধারী আনসারসহ আনসার ও ভিডিপি মিলে ১৯ সদস্যের বাহিনী থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত একজন অস্ত্রধারী পুলিশ থাকবে। প্রতিটি পৌরসভায় একটি করে ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ দল দায়িত্ব পালন করবে। র্যাবের একটি করে দল ভ্রাম্যমাণ এবং ৮১টি দল অপেক্ষমাণ বাহিনী সক্রিয় থাকবে।
হামলা, হুমকি: গতকাল পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সীতাকুণ্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলম ভয়ে এলাকা ছেড়েছেন। পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ খান অভিযোগ করেছেন, তাঁর বাড়ির আশপাশে বহিরাগত ব্যক্তিরা পাহারা দিচ্ছে। মিরকাদিমে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্প জ্বালিয়ে দেওয়া হয়েছে।
নাটোর ও জেলার সিংড়ায় বিএনপির প্রার্থীরা বলেছেন, তাঁদের এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। বরুড়ায় বিএনপির ১২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জে বিএনপির প্রার্থী অজ্ঞাত স্থানে চলে গেছেন।
নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় বিএনপি ও তাদের বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেছেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছেন। শেরপুরে বিএনপির প্রার্থীর অভিযোগ, পুলিশ তাঁর এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানি করছে। রাঙামাটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর নওহাটায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ওপর বোমা হামলার পর বিএনপির প্রার্থীর কর্মীদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মকবুল হোসেন।
অংশ নিচ্ছে ২০টি দল: নির্বাচনে অংশ নেওয়া ২০টি দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, এনপিপি, পিডিপি, খেলাফত মজলিস, এলডিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, তরীকত ফেডারেশন, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

মোট পৌরসভা ২৩৪
মোট ভোটার ৭০,৭২,৫১১
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা
আ.লীগের মোট প্রার্থী ২৩৪
বিএনপির মোট প্রার্থী ২২৩
জাতীয় পার্টির মোট প্রার্থী ৭৪
জাসদের মোট প্রার্থী ২১
স্বতন্ত্র ২৮৫
অন্যান্য দল ১০৮
৭টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন