ভারত থেকে শিগগির নৌপথে ডিজেল আমদানি শুরু করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাইপলাইন তৈরির আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিপিসি এটি চাইছে।
এ ব্যবস্থায় ভারত থেকে আমদানি করা ডিজেল ব্রহ্মপুত্র নদ দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী মজুতাগারে পৌঁছাবে। ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’ (শিলিগুড়ি-পার্বতীপুর) বসানো সম্পন্ন হলে এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হবে।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র বলছে, পাইপলাইন বসানোর জন্য দুই দেশের যৌথ উদ্যোগে সমীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পাইপলাইন বসানো শুরুর পর থেকে তা সম্পন্ন হতে অন্তত দুই বছর সময় লাগবে। সরকারের পরিকল্পনা হচ্ছে, এই পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন করে ডিজেল আমদানি করা।
বিপিসির চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, পাইপলাইন বসানোর আগে নৌপথে ডিজেল আমদানির জন্য তাঁরা প্রস্তুত আছেন। প্রতি টন ডিজিলের দাম ও জাহাজ ভাড়া জানতে চেয়ে তাঁরা চিঠি দিয়েছেন। জবাব এলেই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। দাম নির্ধারণ চূড়ান্ত হলেই ডিজেল আমদানি শুরু করা হবে।
বিপিসির সূত্র বলেছে, তাঁরা ডিজেলের দাম ও জাহাজ ভাড়া জানতে চেয়ে ভারতীয় পক্ষকে চিঠি দিয়েছেন প্রায় দুই মাস আগে। কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো সাড়া নেই। তাঁদের ধারণা, নৌপথে ডিজেল আমদানির পরিমাণ কম হবে বলে ভারতীয় পক্ষের আগ্রহ কম থাকতে পারে।
দেশে এখন প্রতিবছর বিভিন্ন ধরনের প্রায় ৬০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহার করা হয়। এর প্রায় অর্ধেকই ডিজেল। আর সব মিলিয়ে প্রায় ৫৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়। অবশিষ্ট তেল, বিশেষ করে পেট্রল ও অকটেন পাওয়া যায় দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া ‘কনডেনসেট’ (গ্যাসের সঙ্গে ওঠা তরল উপজাত) প্রক্রিয়াকরণের মাধ্যমে।
অপেক্ষাকৃত সহজ প্রক্রিয়া ও স্বল্প সময়ে ডিজেল আমদানির জন্য ভারতের রাষ্ট্রীয় তেল বিপণনকারী সংস্থা ভারত পেট্রলিয়ামের অঙ্গ প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) সঙ্গে বিপিসির সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। দুই দেশের এই দুটি প্রতিষ্ঠান মিলে একটি যৌথ উদ্যোগের (জেভি) কোম্পানি গঠনের প্রক্রিয়াও চলমান আছে। এই কোম্পানির প্রধান কার্যালয় ঢাকায় হওয়ার কথা।
বিপিসির সূত্র বলেছে, এনআরএল তাদের শিলিগুড়ি বিপণন টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করবে। বিপিসি তা গ্রহণ করবে তাদের দিনাজপুরের পার্বতীপুর মজুতাগারে। সেখান থেকে উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহ বিপিসির জন্য সহজ ও ব্যয়সাশ্রয়ী হবে। শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত পাইপলাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১৩০ কিলোমিটার। এর মধ্যে ভারতের ভূখণ্ডে থাকবে মাত্র সাত কিলোমিটার। আর বাংলাদেশের অভ্যন্তরে থাকবে প্রায় ১২৩ কিলোমিটার। তবে পাইপলাইন স্থাপনের ব্যয় দুই কোম্পানি সমান সমান অংশে বহন করবে। আনুমানিক ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
এই পাইপলাইন স্থাপন না হওয়া পর্যন্ত বিপিসি নৌপথে ডিজেল আমদানি করতে চায়। এতে বর্তমানের তুলনায় দাম কিছু কম পড়বে বলে তাঁদের ধারণা। আর আমদানিতে সময়ও কম লাগবে। বিপিসি বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ১০টি দেশ থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০০৭ সালে ভারত থেকে নৌপথে কিছু ডিজেল আমদানি করা হয়েছিল। কিন্তু পরে ওই আমদানি আর অব্যাহত রাখা হয়নি।